সুযোগ পেলে রাজরাজেশ্বরের মানুষের জীবনমান বদলে দিতে কাজ করবো — শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ঘিরে শনিবার (২২ নভেম্বর) ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগে নারী-পুরুষ, তরুণ-যুবক ও প্রবীণসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ইউনিয়ন প্রাণবন্ত হয়ে ওঠে।

দিনব্যাপী গণসংযোগ শুরু হয় ইউনিয়নের ১নং ওয়ার্ডের বলাশিয়া চিরারচর এলাকায় বাবুল মিজির বাড়ি থেকে। এরপর তিনি ছমিদ মৃধার বাড়ি, আমজাদ মিজির বাড়ি, মাঝেরচর ওচমান গাজীর বাড়ি এবং ঢালীকান্দি ডিকে স্কুল মাঠে একের পর এক উঠান বৈঠকে অংশ নেন। প্রতিটি স্থানে ছিল ভোটারদের ঢল, হাততালি ও শ্লোগানে মুখরিত পরিবেশ।

উঠান বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “রাজরাজেশ্বর ইউনিয়নের মানুষ বহুদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আপনাদের সমস্যা, স্বপ্ন—সবকিছুই আমার জানা। সুযোগ পেলে মানুষের জীবনমান পাল্টে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করবো। ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যার কথা শুনছি, সমাধানের অঙ্গীকার করছি। ধানের শীষে ভোট দিলে আপনাদেরই শক্তিতে পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। গণতন্ত্র পুনর্স্থাপনে বিএনপি বদ্ধপরিকর। আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আগামী দিনের চাঁদপুরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। ধানের শীষের প্রতি আপনাদের সমর্থনের প্রতিদান উন্নয়ন আর সেবার মাধ্যমে দেব।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন। ধানের শীষকে জয়ী করলে আমি আপনাদের প্রতিটি দরজায় সেবা পৌঁছে দেব। বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, চিকিৎসা সহযোগিতা—যা প্রয়োজন সবকিছুতেই পাশে থাকবো। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, বিশেষ করে মহিলাদের হাতে। এই কার্ডে নিত্যপণ্যের দাম কমবে, মানুষ স্বস্তি পাবে।”

উঠান বৈঠক ও গণসংযোগ ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। নারীরা ঘর থেকে বের হয়ে শুভেচ্ছা জানান, তরুণরা স্লোগান তোলেন— “ধানের শীষের জয় হোক, গণতন্ত্র মুক্ত হোক।”

দিনশেষে ঢালীকান্দি ডিকে স্কুল মাঠের উঠান বৈঠকে মানুষের উচ্ছ্বাস ও সমর্থন আরও দৃঢ়ভাবে প্রকাশ পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।

স্থানীয়রা জানান, “শেখ ফরিদ আহমেদ মানিক সৎ, পরিচ্ছন্ন ও কর্মীবান্ধব নেতা। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন হবে—এই বিশ্বাসেই আমরা একত্রিত হয়েছি।”

বিজ্ঞাপন

Recommended For You