শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক

বাংলা রিডার ডেস্ক

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইতিহাস রচনা করলেন মুশফিকুর রহিম। শততম টেস্টে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে এলিট তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি—হলেন বিশ্বের ১১তম ব্যাটার, আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যিনি নিজের ১০০তম টেস্টে শতরান করলেন।

বুধবার মিরপুর টেস্টের প্রথম দিনে ১৮৭ বল খেলে ৯৯ রানে অপরাজিত থাকেন মুশফিক। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে দিনের খেলা শেষ করতে হয় তাকে। অবশেষে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র তিন বল খেলেই ১৯৫তম বলে পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকে।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিক (৯৯ টেস্টে ৬,৩৫১ রান—সেঞ্চুরি ১২, ফিফটি ২৭) ভাঙলেন নিজের ‘মাইলফলক ম্যাচে ব্যর্থতার’ ধারা। কারণ এর আগে তার প্রথম টেস্ট, ৫০তম টেস্ট ও ৭৫তম টেস্ট—তিন ক্ষেত্রেই বড় স্কোর করতে পারেননি তিনি।

মাইলফলক ম্যাচগুলোর পরিসংখ্যান:

  • প্রথম টেস্ট (লর্ডস, ২০০৫): ১৯ ও ৩ রান

  • ৫০তম টেস্ট (মিরপুর, ২০১৬): ৪ ও ৯ রান

  • ৭৫তম টেস্ট (হারারে, ২০২১): ১১ রান

তবে শততম টেস্টে সব ব্যর্থতার ইতিহাস ভেঙে মিরপুরের উইকেটে ব্যাট হাতে আলোকিত হয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। ধৈর্য, কৌশল ও শুদ্ধ কারিগরিতে নির্মিত তার ইনিংস ছিল নিখুঁত পরিকল্পনার ফল। ঝুঁকি এড়িয়ে, খারাপ বলগুলোকে শাস্তি দিয়ে, প্রতিটি রান তিনি তুলেছেন হিসেব করে।

এই তালিকায় আগে নাম লিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের তারকারা—কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল-হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ডেভিড ওয়ার্নার। এবার সেই তালিকায় বাংলাদেশের মুশফিক।

তার এই ইনিংস আরও মূল্যবান হয়েছে দলের বিপর্যস্ত অবস্থার প্রেক্ষাপটে। প্রথম দিনে তিন ব্যাটার সাদমান, জয় ও শান্ত—তিনজনই আউট হন ৯৫ রানের মধ্যে। সেখান থেকে মুশফিকই একাই দলকে দাঁড় করান, দিনশেষে ১৮৭ বলে ৯৯ রানে অপরাজিত থেকে।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের টেস্টে যেখানে তিনি ব্যর্থ হয়েছিলেন (২৩ রান), মিরপুরে তিনি পুরোপুরি রূপ বদলে ফিরলেন নিজের স্বরূপে।

নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে ক্যারিয়ারের ১৩তম শতরানটি মুশফিক রাখলেন সত্যিকার অর্থেই ‘ঐতিহাসিক’—বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেও যোগ করলেন নতুন এক সোনালি অধ্যায়।

বিজ্ঞাপন

Recommended For You