
চাঁদপুরকে আধুনিক ও সুন্দর জেলায় গড়ে তুলতে চাই: নবাগত জেলা প্রশাসক
চাঁদপুর রিডার ডেস্ক
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
সভায় জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার বলেন, “আমি সাতটি জেলায় দায়িত্ব পালন করেছি, তবে চাঁদপুরে এসে মনে হয়েছে যেন এক মিলনমেলায় যোগ দিলাম। চাঁদপুর প্রেসক্লাব অত্যন্ত সক্রিয় ও সহযোগিতাপূর্ণ। আপনাদের প্রেরিত প্রতিটি সংবাদ গুরুত্ব দিয়ে দেখি। চাঁদপুরকে আধুনিক ও সুন্দর জেলায় রূপ দিতে চাই। উন্নয়নের লক্ষ্যেই আমাকে এখানে পাঠানো হয়েছে এবং সেই লক্ষ্যেই কাজ করবো।”
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ পথচলা ও সরকারের প্রত্যাশিত রূপ গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষভাবে জনগণের সামনে তুলে ধরবেন—এটাই সবার প্রত্যাশা। বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইলিশ উৎপাদন বৃদ্ধি, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, অবকাঠামোগত সম্ভাবনা ও চ্যালেঞ্জসহ জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়েও তিনি মতবিনিময় করেন। তিনি জানান, যোগদানের পর একা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং এখানকার সামাজিক পরিবেশ ও সংস্কৃতি কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কেও সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।
ডিসি বলেন, “আমি চাঁদপুরে দিতে এসেছি, নিতে নয়। চাঁদপুরের জন্য এমন কিছু করতে চাই, যা মানুষের মনে জায়গা করে নেবে। আপনাদের সহযোগিতায় আমরা সবাই মিলে জেলার জন্য কাজ করবো।”
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, অ্যাড. ইকবাল বিন বাশার, সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃস্থানীয় ব্যক্তিরা।
বক্তারা চাঁদপুরের উন্নয়ন প্রকল্প, নদীভাঙন, যোগাযোগব্যবস্থার সমস্যা, ইলিশ সম্পদ সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং গণমাধ্যমের ভূমিকা—এসব বিষয়ে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।



