চাঁদপুরে অগ্নিকাণ্ডে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর শুরু হওয়া আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে ঘটনায় কেউ আহত হয়নি।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, খবর পেয়ে দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, চরপোয়া সড়কে অবস্থিত দোকানগুলোতে প্রথমে আগুন দেখা যায় এবং মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে ছয়টি দোকান পুরোপুরি এবং একটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে স্থানীয়রা কয়েকটি দোকান ভেঙে ফেলেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফয়েজ আহাম্মদ জানান, তার চারটি দোকানসহ তার চাচাতো ও জেঠাতো ভাইয়ের আরও তিনটি দোকান পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক ব্যবসায়ী ফকরুল ইসলাম জানান, এনজিও থেকে ঋণ নিয়ে তিনি দোকানটি চালাচ্ছিলেন এবং রোববার কিস্তি দেওয়ার টাকাও আগুনে নষ্ট হয়েছে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে যান এবং আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

বিজ্ঞাপন

Recommended For You