
বাংলা রিডার ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পাঁচ দিন আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা ব্যাপক প্রস্তুতি ও কার্যক্রম পরিচালনা করবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
নির্বাচনের আগে কোনো বিশেষ অভিযান পরিচালনা করা হবে কি না— এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোট ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচন দিবস এবং পরবর্তী তিন দিন। প্রথম পাঁচ দিন বড় পরিসরের কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি জানান, বর্তমানে মাঠে ৩০ হাজার সেনাসদস্য কাজ করছে। নির্বাচন ঘিরে এই সংখ্যা বাড়িয়ে প্রায় ১ লাখ করা হবে। পাশাপাশি প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব এবং সাড়ে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নিরাপত্তা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।”
পরে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শনে রওনা দেন। কুয়াকাটায় নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সেখানে রাতযাপন করবেন এবং পরদিন সকালে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।



