
বাংলা রিডার ডেস্ক
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্প্রসারণের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক, কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়, ঋণদান এবং কুটিরশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায়ের উদ্যোগ দেশের আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ১ নভেম্বর সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আমি সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জাতীয় উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সহজেই এ সম্পৃক্ততা নিশ্চিত করতে পারি। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়— সমাজের নানা সমস্যা সমাধানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে,” বলেন তিনি।
ড. ইউনূস আরও বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে সমবায়ের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’-এর সব কর্মসূচির সফলতা কামনা করেন এবং সমবায় আন্দোলনের মাধ্যমে বৈষম্যমুক্ত, আত্মনির্ভরশীল নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।



