সেন্ট মার্টিনে পর্যটক যাত্রা শুরু ১ নভেম্বর থেকে

বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ ৯ মাস পর আগামী ১ নভেম্বর থেকে আবারও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন। তবে তারা সেখানে রাত্রিযাপন করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।”

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দ্বীপটির জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়। এর ফলে সেন্ট মার্টিনের পর্যটন খাত স্থবির হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় পর্যটকবাহী জাহাজ চলাচল, জেটিঘাটে নেমে আসে নীরবতা, বেকার হয়ে পড়েন অনেক কর্মচারী।

সরকার জানিয়েছিল, সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক, টেকসই পর্যটন গন্তব্যে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

পর্যটকদের যাত্রা আবার চালু হওয়ার খবরে স্থানীয় ব্যবসায়ী ও কর্মজীবীরা স্বস্তি প্রকাশ করেছেন। এখন দেখার বিষয়, রাত্রিযাপন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী আসে।

বিজ্ঞাপন

Recommended For You