
বাংলা রিডার ডেস্ক
সরকার ঘোষিত ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্লাসে ফিরবেন বলে আশাবাদ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, শিক্ষকদের স্বার্থ রক্ষায় শিক্ষা মন্ত্রণালয় সর্বদা সচেষ্ট এবং এ সিদ্ধান্ত তারই একটি অগ্রগতি।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “আমরা মনে করি শিক্ষকরা আরও বেশি পাওয়ার যোগ্য। তবে বর্তমান আর্থিক সীমাবদ্ধতার মধ্যে অর্থ মন্ত্রণালয় যে বরাদ্দ দিয়েছে, সেটি যথেষ্ট চেষ্টা করেই করা হয়েছে। আশা করি শিক্ষকরা দায়িত্বশীলতা দেখিয়ে শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং স্কুলে স্বাভাবিক পাঠদান শুরু হবে।”
তিনি আরও বলেন, “যেসব জায়গায় এখনো শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেসব স্থানে শিক্ষকরা যেন আমাদের উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করে দ্রুত ক্লাসে ফিরে যান—এটাই আমাদের প্রত্যাশা।”
এদিকে, রোববার অর্থ মন্ত্রণালয় এক আদেশে জানায়, বাজেট সীমাবদ্ধতার বিষয় বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে নির্ধারণ করা হয়েছে, যা নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে শিক্ষক নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের অনশন ও চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।



