
বাংলা রিডার ডেস্ক
বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে অনলাইন ও অফলাইনের সমন্বয়ে (ব্লেন্ডেড) শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনসহ সাম্প্রতিক নানা কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি অনলাইন শিক্ষার ব্যবহার বাড়িয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, এক জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন শিক্ষায় গেলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এ বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর ওপর জোর দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রয়োগ করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থা বজায় থাকতে পারে।
এছাড়া মহানগরীগুলোতে যানজট, জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও বিবেচনা করছে সরকার। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রোরেল এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।


