জেলখানায় দম্পতির আনুষ্ঠানিক বিয়ে

বাংলা রিডার ডেস্ক
ভালোবাসার সম্পর্ক থেকে শুরু, এরপর পরিবারিক বিরোধ, মামলা—শেষ পর্যন্ত আদালতের আদেশে চাঁদপুর জেলা কারাগারে অনুষ্ঠিত হলো মো. হাসনাত ও আকলিমার আনুষ্ঠানিক বিয়ে।

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামের মো. হাসনাত (২১) এবং বাকপ্রতিবন্ধী আকলিমা (২২) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। প্রেমের সম্পর্ক থেকে গোপনে বিয়ে করলেও, সে সময় কোনো কাবিননামা হয়নি। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারে দ্বন্দ্ব শুরু হয়, যা পরে আদালত পর্যন্ত গড়ায়।

আকলিমার বাবা মো. মাসুদ গত ২৪ জুন চাঁদপুর আদালতে মামলা দায়ের করলে, ২৬ জুন আদালতের আদেশে হাসনাতকে কারাগারে পাঠানো হয়। এদিকে, সময়ের সঙ্গে উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয় এবং তারা বিয়েকে স্বীকৃতি দিতে সম্মত হয়।

এরই প্রেক্ষিতে, রোববার  জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের নির্দেশে চাঁদপুর জেলা কারাগারেই মো. হাসনাত ও আকলিমার আনুষ্ঠানিক বিয়ে ও কাবিননামা সম্পন্ন হয়।

বিয়ের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, সহকারী কমিশনার, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ বর-কনের বাবা, নিকটাত্মীয় ও স্থানীয় মুরব্বি আবুল বাশার মিজি।

জেলা কারাগারের জেল সুপার মো. জুবাইর জানান, “বিয়ে শেষে বর-কনেপক্ষের স্বজনদের কারা কর্তৃপক্ষের সৌজন্যে মিষ্টিমুখ করানো হয়। বর-কনে উভয়েই বিয়ের সময় ছিলেন হাসিখুশি ও আবেগাপ্লুত।”

এ বিয়ের মাধ্যমে উভয় পরিবার বিরোধ মিটিয়ে ফেলায়, হাসনাতের দ্রুত জামিন এবং মামলার নিষ্পত্তি হতে পারে বলে মনে করছেন স্বজনরা।

বিজ্ঞাপন

Recommended For You