”মার্চ টু সচিবালয়’- মুখোমুখি অবস্থান শিক্ষক-পুলিশের’

বাংলা রিডার ডেস্ক
বাড়িভাড়া বৃদ্ধি, জাতীয়করণ ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলেও শুরুতেই পুলিশের বাধার মুখে পড়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন শিক্ষকরা। তবে হাইকোর্টের কাছাকাছি পৌঁছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। পরে সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা।

পুলিশ ও শিক্ষকদের মধ্যে তখন উত্তেজনাপূর্ণ মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। পুলিশ শিক্ষকদের সামনে এগোতে নিষেধ করে এবং অবস্থান নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানায়।

শিক্ষকরা অভিযোগ করেন, তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় টালবাহানা করছে। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান করবেন, এমনকি প্রয়োজনে ঘেরাও কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন।

মূলত মঙ্গলবার দুপুর ১২টায় এই কর্মসূচি পালনের কথা থাকলেও, সরকারি পর্যায়ে বৈঠকের খবর পেয়ে তা পিছিয়ে দেওয়া হয়। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ শিক্ষকদের কর্মসূচি না করতে অনুরোধ জানালে শিক্ষকরা সরকারকে বিকেল ৩টা পর্যন্ত সময় দেন। তবে দাবি পূরণ না হওয়ায় তারা বিকেল ৪টায় কর্মসূচি শুরু করেন।

এদিন দুপুরে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফোন করে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে জানান যে, শিক্ষা উপদেষ্টা আলোচনায় বসতে চান। তবে শিক্ষক নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান।

বিজ্ঞাপন

Recommended For You