চাঁদপুরে উইকিপিডিয়া নিয়ে দ্বিতীয়বারের মতো কর্মশালা অনুষ্ঠিত

বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুরে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা। স্থানীয় পর্যায়ে ডিজিটাল জ্ঞান ছড়িয়ে দেওয়া ও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যেই এই আয়োজন।

শনিবার (১১ অক্টোবর) দুটি পৃথক সেশনে কর্মশালাগুলো অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রথম কর্মশালা হয় আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখার সেমিনার কক্ষে। দ্বিতীয়টি বিকেল ২টা ৩০ মিনিট থেকে চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন এআই কম্পিউটার একাডেমিতে।
কর্মশালার আয়োজন করে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায় এবং এতে সহযোগিতা করে উইকিমিডিয়া বাংলাদেশ।

চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানান, প্রথম কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ৩০ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা উইকিপিডিয়া সম্পাদনা শেখার পাশাপাশি হাতে-কলমে অনুশীলনের সুযোগ পান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন: নাহিদ সুলতান, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য এবং বাংলা উইকিপিডিয়ার অ্যাডমিন, মুহাম্মদ ইয়াহিয়া, বাংলা উইকিপিডিয়ার অ্যাডমিন ও উইকিমিডিয়া স্টুয়ার্ড, শাকিল হোসেন, অভিজ্ঞ উইকিপিডিয়ান।

সেশনে উইকিপিডিয়া সম্পাদনার সাধারণ সমস্যার সমাধান, তথ্য যাচাই এবং নিরাপদ সম্পাদনার কৌশল নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে সরাসরি মতবিনিময়ও করেন।

উল্লেখ্য, চাঁদপুরে প্রথম উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে।

বিজ্ঞাপন

Recommended For You