
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘটে যাওয়া ক্লু-লেস মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মো. নাহিদ গাজী (৩৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
গ্রেপ্তারকৃত নাহিদ গাজী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। নিহত মিজানুর রহমান একই ইউনিয়নের পশ্চিম এখলাছপুর এলাকার ফয়েজ উল্লাহর ছেলে এবং পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
প্রায় ২৫ বছর আগে নদীভাঙনে বাড়ি হারিয়ে মিজানুর পরিবারসহ নারায়ণগঞ্জে চলে যান। মাঝে মাঝে তিনি এখলাছপুরে নানাবাড়ি বেড়াতে আসতেন। গত ১৩ আগস্ট রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে হাশিমপুর গ্রামের একটি দোকানের সামনে তাকে মারধর করে মাথায় গুলি করে হত্যা করা হয়।
পরদিন সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। নিহতের স্ত্রী শারমিন আক্তার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লু-লেস। তবে এক পর্যায়ে নাহিদ গাজীর ছোট ভাইয়ের মোবাইল থেকে ‘নূরু খালাসী’ নামে এক ব্যক্তিকে ফোন করে নাহিদ বলেন, “মিজানকে মেরে ফেলেছি, এবার তোর পালা।” এ তথ্য থেকেই তদন্তে মোড় নেয় এবং তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।
মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, মামলার তদন্ত এখনো চলছে। নাহিদ গাজীর গ্রেপ্তারের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হয়েছে। হত্যার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


