
বাংলা রিডার ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, “এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত চলাকালে যদি অন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তদন্তের প্রাথমিক ধাপ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, “তদন্ত যদি আরও গভীরে যায় এবং দেখা যায়, অন্য কোনো দল বা সংগঠনও সংশ্লিষ্ট, তাহলে তদন্ত সংস্থা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগে ব্যক্তির বিরুদ্ধে মামলা ও বিচার করলেও, এটি প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সরাসরি তদন্তের উদ্যোগ।
তবে এই তদন্তের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত সংস্থা তাদের প্রক্রিয়া অনুযায়ী তথ্য-উপাত্ত সংগ্রহ করছে বলে জানান প্রসিকিউটর।


