১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা, প্রশ্নপত্রে আসছে পরিবর্তন

বাংলা রিডার ডেস্ক

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর ২০২৫, সারা দেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো এমসিকিউয়ের (বহুনির্বাচনী প্রশ্ন) পাশাপাশি যুক্ত হচ্ছে লিখিত অংশ—যা একটি বড় পরিবর্তন বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডা. নাজমুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর হবে—এটি চূড়ান্ত। প্রস্তুতি শুরু হয়েছে। এবারের পরীক্ষায় লিখিত অংশ সীমিত আকারে থাকবে, যা ১০ থেকে ২০ নম্বর পর্যন্ত হতে পারে। বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।”

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার প্রায় দেড় মাস আগে আবেদনপত্র, সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

এই পরিবর্তনের মাধ্যমে ভর্তিচ্ছুদের গভীর জ্ঞান যাচাইয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

Recommended For You