আন্তর্জাতিক নীরবতার সুযোগে মানবাধিকারকর্মীদের বন্দি করেছে ইসরায়েল: গ্রেটা থুনবার্গ

বাংলা রিডার ডেস্ক
আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে দায়ী করে ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়েই ইসরায়েল বেআইনিভাবে সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের আটক করেছে।

রবিবার নিজের ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে থুনবার্গ জানান, আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করার পরও ফ্লোটিলার সদস্যদের আটক করে ইসরায়েল, এবং কারাবন্দি অবস্থায় তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, “এই ঘটনায় যেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মূল বিষয় থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে না যায়।”

গ্রেটা থুনবার্গ আরও বলেন, “আমরা ঘটনার কেন্দ্রবিন্দু নই। আসল ঘটনা হলো, হাজার হাজার ফিলিস্তিনি, যারা বিনা বিচারে ইসরায়েলের কারাগারে আটক রয়েছে।”

ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “সুমুদ ফ্লোটিলা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার কথা বললেও, যখন আমরা শান্তিপূর্ণভাবে সেই আইন মেনে চলতে চেয়েছি, তখন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”

উল্লেখ্য, গত সপ্তাহে গাজার উদ্দেশে যাত্রা করা একটি ত্রাণবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ আটক করে ইসরায়েল। এতে থাকা ১৭০ জন ফিলিস্তিনপন্থি মানবাধিকারকর্মীকে গ্রেফতার করা হয়। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে গ্রিস, স্লোভাকিয়া, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে থুনবার্গও ছিলেন এবং তাকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You