ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি, ভালো নির্বাচন ছাড়া উপায় নেই — সিইসি

বাংলা রিডার ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান সময়টি বাংলাদেশের জন্য এক ক্রান্তিলগ্ন, আর এ প্রেক্ষাপটে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, “এই নির্বাচনই ভবিষ্যতের বাংলাদেশের চেহারা নির্ধারণ করবে।”

সোমবার (৬ অক্টোবর), নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক সংলাপে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “এই নির্বাচন একা ইসির পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। এটা আমাদের সবার — সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণের সম্মিলিত দায়িত্ব। জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই হতে হবে।”

তিনি জানান, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ তারা বিবেচনায় নিয়েছেন এবং সেগুলো আলোচনার খাতিরে নয়, বাস্তবায়নের লক্ষ্যেই গুরুত্ব দেওয়া হচ্ছে। “আপনাদের (গণমাধ্যম) সহযোগিতা ছাড়া প্রস্তুতিতে যেকোনো ঘাটতি পূরণ করা সম্ভব নয়,” বলেন তিনি।

সিইসি জানান, দায়িত্ব নেওয়ার পরপরই ভোটার তালিকা হালনাগাদে জোর দেওয়া হয়েছে। সাড়ে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নারী ভোটার বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ তাদের সংখ্যা পুরুষ ভোটারের তুলনায় প্রায় ৩০ লাখ কম ছিল

তিনি বলেন, “মানুষের মধ্যে ভোটের আগ্রহ ফেরাতে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে। নারী ভোটাররা দলে দলে এসে নিবন্ধন করেছেন, এটি আমাদের একটি সফল উদ্যোগ।”

নতুন উদ্যোগ হিসেবে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। তারা অনলাইনে রেজিস্ট্রেশনের পর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

এছাড়া নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ, রিটার্নিং অফিসারসহ বিভিন্ন কর্মকর্তাদের জন্যও পোস্টাল ব্যালট চালু করা হয়েছে, যাতে তারাও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সিইসি বলেন, “পোস্টাল ব্যালট আগে থাকলেও তা বাস্তবে প্রযোজ্য ছিল না। এবার আমরা কার্যকর উদ্যোগ নিয়েছি।”

সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন,”আমরা চাই একটি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন হোক। মিডিয়া, রাজনৈতিক দল ও জনগণ — সবার সহযোগিতা প্রয়োজন। ভোটারদের কেন্দ্রে আনতে সচেতনতা তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করব।”

সভায় নির্বাচন কমিশনের চার কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ, ইসির কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You