ফ্লোটিলা মিশন: গ্রেটা থুনবার্গসহ ১৬৫ অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল

বাংলা রিডার ডেস্ক
ফিলিস্তিনে মানবিক সহায়তা নিয়ে গন্তব্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অংশগ্রহণকারীদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম আই ২৪ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

ফ্লোটিলা মিশনটি গত ৩১ আগস্ট স্পেন থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। এতে ৪৪টি দেশের প্রায় ৫০০ জন অংশ নেন— যাঁদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক।
মূল আয়োজক ছিল ফিলিস্তিনপন্থী চারটি সংগঠনের জোট ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC)’।

ইসরায়েলি নৌবাহিনী প্রথমে ১৩টি ও পরে বাকি নৌযানগুলো আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায়। আটক অভিযাত্রীদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও।

আই ২৪ নিউজ জানিয়েছে, অভিযাত্রীদের একটি অংশকে ফেরত পাঠানো হলেও বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, আটক অবস্থায় গ্রেটা থুনবার্গকে অমানবিক আচরণের মুখে পড়তে হয়েছে। সুইডেনের দূতাবাসের সঙ্গে যোগাযোগের সুযোগে তিনি জানান, তাকে একটি ছারপোকায় আক্রান্ত কক্ষে রাখা হয়েছে এবং খাদ্য ও পানির অভাব ছিল।

তিনি আরও অভিযোগ করেন, তাকে জোর করে ইসরায়েলি পতাকায় চুমু দিতে এবং সেই পতাকা হাতে ছবি তুলতে বাধ্য করা হয়েছে। অভিযানের এক ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ডি’ আগুস্টিনো বলেন, “সবার সামনে গ্রেটাকে অপমানজনকভাবে আচরণ করা হয়।”

সূত্র: আই ২৪ নিউজ, দ্য গার্ডিয়ান, আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন

Recommended For You