
বাংলা রিডার ডেস্ক
আওয়ামী লীগকে দলীয়ভাবে অপরাধী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার লক্ষ্যে প্রাথমিক তদন্ত শুরু করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এনডিএম (ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট) নামের একটি রাজনৈতিক দল আমাদের কাছে অভিযোগ জমা দেয়। সেই অভিযোগ পর্যালোচনা করে আমরা প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু করছি।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে বলা যায়, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের প্রাথমিক ভিত্তি খোঁজা হচ্ছে। তদন্ত পূর্ণমাত্রায় শুরু হলে বোঝা যাবে, এটি কতদূর এগোতে পারে।”
তদন্তের এই পর্যায়ে দলটির কর্মকাণ্ড, অতীত অভিযোগ ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।


