
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলমান অস্থিরতার পেছনে ভারতের হাত রয়েছে—বাংলাদেশ সরকারের এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ভারত। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এই মন্তব্য করেন।
দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা বাংলাদেশের কিছু কর্মকর্তার কাছ থেকে যেসব অভিযোগ শুনেছি, সেগুলো ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন। ভারত এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।”
সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,“খাগড়াছড়ির অস্থিরতায় ভারতের কিছু অংশ এবং ‘পতিত স্বৈরাচার’-এর যোগসাজশ রয়েছে।”
এ মন্তব্যের জবাবে রণধীর জসওয়াল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্য দেশের ওপর দোষ চাপাচ্ছে।
তিনি আরও দাবি করেন,
“উল্টো পার্বত্য অঞ্চলের সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীরা হামলা চালাচ্ছে, তাদের ভূমি দখল করছে—এসব বিষয়ে ঢাকার উচিত আত্মসমালোচনা করা এবং নিরপেক্ষ তদন্ত করা।”
হাসিনা প্রসঙ্গেও মন্তব্য
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন বলে সরকার দাবি করে আসছে।
বর্তমান সরকার ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে, হাসিনা সেখান থেকে বাংলাদেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছেন।
তবে এসব অভিযোগকেও ভারত গুরুত্ব দিতে নারাজ বলে স্পষ্ট করেছে।
রণধীর জসওয়াল বলেন,“ভারত সবসময় বাংলাদেশে স্থিতিশীলতা, গণতন্ত্র এবং শান্তি চায়। যারা এই পরিবেশ নষ্ট করতে চাইছে, তারা বাংলাদেশের প্রকৃত স্বার্থ রক্ষা করছে না।”
সূত্র: ইন্ডিয়া টুডে


