জার্মান ঐক্য দিবসে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা

বাংলা রিডার ডেস্ক
জার্মান ঐক্য দিবস উপলক্ষে ফেডারেল রিপাবলিক জার্মানির সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-কে পাঠানো এক চিঠিতে এই শুভেচ্ছা বার্তা জানান তিনি।

চিঠিতে ড. ইউনূস লেখেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি জার্মান ঐক্য দিবসের এই আনন্দঘন মুহূর্তে আপনাকে ও জার্মানির জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।”

তিনি উল্লেখ করেন, এই ঐতিহাসিক দিনটি শুধু জার্মানির জাতীয় ঐক্য ও স্বাধীনতার প্রতীক নয়, বরং এটি বিশ্বব্যাপী স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের মতো সার্বজনীন মূল্যবোধের শক্তিশালী স্মারক।

চিঠিতে ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশ জার্মানির সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। এই সম্পর্ক গণতন্ত্র, আইনের শাসন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারে দৃঢ়ভাবে প্রোথিত। আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের উন্নয়নের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও স্থিতিশীল হবে।”

তিনি চিঠির শেষ অংশে জার্মান চ্যান্সেলরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জার্মান জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধির শুভকামনা জানান।

বিজ্ঞাপন

Recommended For You