
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামে ফেসবুকে বিএনপি নেতাদের ব্যঙ্গচিত্র শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালের এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করেন।
এই পোস্টের প্রতিবাদ জানাতে শুক্রবার সকালে বিএনপি নেতাকর্মীরা ইমামের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই পক্ষের প্রায় ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম বলেন, “আমাদের নেতাকর্মীরা ছবি শেয়ার করার কারণ জানতে গেলে জামায়াত কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।”
অন্যদিকে, উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ জানান, পোস্টটি রাতেই মুছে ফেলা হয় এবং মাওলানা ইলিয়াস পরে দুঃখ প্রকাশ করে একটি ব্যাখ্যামূলক পোস্টও দেন। এরপরও সকালে মসজিদ কমিটির বৈঠকের সময় বিএনপি নেতাকর্মীরা ইমামের ওপর হামলা চালায়। এ সময় জামায়াতের ১০-১২ জন আহত হন।
মাওলানা ইলিয়াস হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “ছবিটি অসাবধানতাবশত শেয়ার হয়ে গিয়েছিল। বিষয়টি জানতে পারার পর তা ডিলিট করে দুঃখ প্রকাশ করেছি।”
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।



