
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী। সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে দশমীর আচার। এরপর দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় উৎসব।
দেশজুড়ে বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় আয়োজন ও সুবিধাজনক সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। হিন্দু শাস্ত্রমতে, এদিন দেবী দুর্গা কৈলাসে ফিরে যান, যা প্রতীকীভাবে মর্ত্য থেকে তাঁর বিদায়।
বিজয়া দশমীর মূল তাৎপর্য—মনের অসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, লোভ, হিংসা বিসর্জন দিয়ে মানবতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। এদিন নারীরা মণ্ডপে অংশ নেন সিঁদুর খেলায়, দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে একে অপরকে পরিয়ে দেন, এবং স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর দেন।
এ উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন। বাবুরহাট, দাসাদী, মঠখোলা, পালপাড়া, মিশন রোড, কালীবাড়ী ও পুরানবাজারের মণ্ডপগুলোতে গিয়ে তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত অনুদানও প্রদান করেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম নয়, আমাদের পরিচয়—আমরা বাংলাদেশি।” তিনি আরও বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় নয়, বাংলাদেশের সংস্কৃতির অংশ। এ উৎসব যেন শান্তিপূর্ণভাবে পালিত হয়, বিএনপির নেতাকর্মীরা সে লক্ষ্যে পাশে থাকবে।”
তিনি সকলকে অসাম্প্রদায়িক চেতনার সমাজ গঠনের আহ্বান জানিয়ে বলেন, “সন্তানদের শুধু ডিগ্রিধারী নয়, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুশিক্ষিত সন্তান কখনোই তার বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক পলাশ দে। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।



