
বাংলা রিডার ডেস্ক
নির্বাচনের পরেও আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালের শংকর মঠের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যখন কোনো দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন প্রশ্ন ওঠে তা সাময়িক না স্থায়ী। কিন্তু আমি মনে করি, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা আপাতত নেই।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা সম্প্রতি বিদেশি সাংবাদিকদের কাছে যে বক্তব্য দিয়েছেন, তা কেবল তাত্ত্বিক আলোচনা। নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই।”
সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি জানান, “রাজনৈতিক সংলাপ ছাড়া বড় ধরনের পরিবর্তন সম্ভব নয়। তবে কিছু সংস্কার সাধারণ অধ্যাদেশের মাধ্যমেও করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, এটাই প্রধান উপদেষ্টার ঘোষণা, এবং সময়মতোই তা অনুষ্ঠিত হবে।”
দুর্গাপূজা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। কোথাও ব্যত্যয় ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”
পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “যারা পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”


