গ্লোবাল সুমুদ ফ্লোটিলার: জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনায় ইসরায়েল

বাংলা রিডার ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোর একটি অংশকে আটক করে ইসরায়েলের আসোদ বন্দরে নিয়ে যাওয়ার এবং অবশিষ্ট জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমন তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ।

বুধবার (১ অক্টোবর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের অধিকারকর্মীরা প্রায় ৪০টি জাহাজে করে গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহন করছেন। তবে ইসরায়েলি নৌবাহিনী এই বহর থামাতে জোর প্রস্তুতি নিচ্ছে।

ইয়েনেত আরও জানায়, অধিকারকর্মীদের জাহাজে হামলা চালিয়ে সেগুলো জব্দের পরিকল্পনা করছে ইসরায়েলের সেনাবাহিনী। সম্ভাব্য সংঘর্ষে হতাহতের আশঙ্কায় আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

জানা গেছে, বহরটি গাজার উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে। পরিস্থিতি মোকাবিলায় আসোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল।

ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট সায়েতেত ১৩ জাহাজগুলোর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, অধিকারকর্মীদের জাহাজ থেকে তুলে আসোদ বন্দরে নেওয়া হবে। পরে তাদের কেতজিয়োত কারাগারে পাঠানো হবে। যারা ইসরায়েলি নির্দেশনা মেনে চলবে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে; অন্যদের আটকে রাখা হবে।

আটক করা জাহাজগুলোর কিছু আসোদ বন্দরে নেওয়া হবে, আর কিছু জাহাজ ডুবিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এদিকে, ফ্লোটিলায় থাকা একাধিক অধিকারকর্মীর বরাতে জানা গেছে, যে কোনো সময় ইসরায়েলি সেনারা হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

সূত্র: আলজাজিরা, ইয়েনেত নিউজ

বিজ্ঞাপন

Recommended For You