
বাংলা রিডার ডেস্ক
আগামী ৬ অক্টোবর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
দুই ধাপে হবে সংলাপ: সকাল ১০:৩০টায় টিভি মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে, দুপুর ২:৩০টায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তা পাঠানো শুরু হবে বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন এরইমধ্যে ভোট নিয়ে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করেছে। প্রথমদিন সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করেছে কমিশন।
পরবর্তী ধাপে—৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে,এরপর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপে বসবে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগেই জানিয়েছেন, সংলাপে উঠে আসা গঠনমূলক মতামতগুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
৬ অক্টোবর নির্বাচন কমিশন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসবে। এর মাধ্যমে কমিশন সব পক্ষের মতামত শুনে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে।



