জাতিসংঘ সম্মেলন শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

বাংলা রিডার ডেস্ক
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে ঢাকার পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন। বুধবার (১ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

নিউইয়র্ক বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

এর আগে, ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস।

এই সফরে তার সঙ্গে ছিলেন ছয়জন রাজনৈতিক নেতা। তারা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

বিজ্ঞাপন

Recommended For You