
বাংলা রিডার ডেস্ক
আলোচিত কনটেন্ট নির্মাতা ও স্বতন্ত্র রাজনীতিক আশরাফুল আলম ওরফে হিরো আলম রাজধানীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আফতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তারা জানান, একদল তরুণ মোটরসাইকেলে এসে অতর্কিতে হামলা চালায় হিরো আলমের ওপর। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
হিরো আলমের স্ত্রী রিয়া মনি গণমাধ্যমকে বলেন, “ডাক্তাররা বলেছেন, তার অবস্থা খুবই সংকটাপন্ন। যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আমরা দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন, যেন ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্ট, টি-শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে অ্যাম্বুলেন্সে তুলছেন, তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ বাঁধা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



