
বাংলা রিডার ডেস্ক
গাজা উপত্যকায় চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন, যেখানে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ সংবাদ সম্মেলন থেকেই হয়তো যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসতে পারে। চুক্তি হলে গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস কয়েকজন জিম্মি মুক্তি দেবে বলেও ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজার ভবিষ্যৎ সরকার এবং প্রশাসনিক কাঠামো নিয়ে একটি পরিকল্পনা উত্থাপন করেছেন, যা আরব ও মুসলিম নেতাদের সমর্থন পেয়েছে। তবে এ প্রক্রিয়ায় হামাসকে নিরস্ত্রকরণ এবং গাজা শাসনে ফিলিস্তিন কর্তৃপক্ষের সম্পৃক্ততা নিয়ে কিছু আপত্তি তুলেছেন নেতানিয়াহু।
রবিবার এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ। ওই বৈঠকে ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলোচনার পরিবেশ ইতিবাচক ছিল এবং নেতানিয়াহু আজ ট্রাম্পের সঙ্গে বৈঠকে চুক্তির পক্ষে অবস্থান নিতে পারেন।
যদিও ইসরায়েল সরকার বলেছে, তারা এখনো যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করছে, এবং হামাস জানিয়েছে যে তারা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি, তারপরও আন্তর্জাতিক মহলে আশাবাদ তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়ে আসছিলেন যে গাজা নিয়ে একটি সম্ভাব্য চুক্তির কাছাকাছি পৌঁছানো গেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল


