
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনি সংলাপ। এই সংলাপে অংশ নিচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীর সঙ্গে এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।
সংলাপটি সরাসরি সম্প্রচার করা হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (@BangladeshECS)।
ইসি সূত্রে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গেও সংলাপে বসবে কমিশন। নির্বাচন কমিশনের সংলাপের মূল লক্ষ্য হচ্ছে—সব পক্ষকে নিয়ে একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন।
বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি, যার মধ্যে রয়েছে আওয়ামী লীগসহ অন্যান্য প্রধান দলগুলো। ২০০৮ সালে শুরু হওয়া নিবন্ধন ব্যবস্থায় এখন পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেয়েছে। তবে শর্ত পূরণ না করা, শর্ত ভঙ্গ বা আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। এ দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।
সম্প্রতি আদালতের নির্দেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করেছে ইসি। তবে জাগপার ক্ষেত্রে এখনো কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পাশাপাশি, নতুন দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টি নিবন্ধন পেয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সময়মতো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।



