
বাংলা রিডার ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন আলোচিত চিকিৎসক ডা. সাবরিনা। আওয়ামী লীগের সঙ্গে তার পূর্ববর্তী সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলে তাকে তীব্র আপত্তির মুখে ফেলে ছাত্রদলের নেতাকর্মীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সেখানে বেশি সময় অবস্থান না করে স্থান ত্যাগ করেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে এ ঘটনা ঘটে। নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনা ও আরও কয়েকজন জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে আসেন। ঠিক সেই সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম ও তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হন।
ছাত্রদল নেতা আকরাম ডা. সাবরিনার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য বলে পরিচয় দেন। এ সময় আকরাম অভিযোগ করেন, ডা. সাবরিনা অতীতে আওয়ামী লীগে যুক্ত ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেন ডা. সাবরিনা এবং প্রমাণ চেয়ে বসেন।
তবে ছাত্রদলের নেতাকর্মীরা অনড় অবস্থান নেন। তারা স্লোগান দিতে থাকেন— ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান’ ও ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’। এতে উত্তেজনা আরও বাড়ে।
ডা. সাবরিনা তখন বলেন, “জিয়ার মাজার তো সবার জন্য উন্মুক্ত”, কিন্তু নেতাকর্মীদের চাপের মুখে তিনি অবশেষে গাড়িতে করে স্থান ত্যাগ করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।



