
বাংলা রিডার ডেস্ক
প্রতিষ্ঠার পর থেকে গত ছয় বছরে প্রায় ১৩ হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। পাঠাভ্যাস গড়ে তোলা এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
গত ২৯ আগস্ট সকাল ১১টায় ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’—এই স্লোগানে পঞ্চম বই উপহার মাসের উদ্বোধন ঘোষণা করে একাডেমি। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে চলে বই উপহারের বিশেষ কর্মসূচি।
রাস্তাঘাট, যানবাহন, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে বই উপহার দেওয়া হয়। উপহারপ্রাপ্তদের মধ্যে ছিলেন সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিক, প্রশাসনিক কর্মকর্তা, সংস্কৃতিকর্মী ও সমাজকর্মীরা। উপহার হিসেবে দেওয়া হয় গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও শিশুতোষ বই।
ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে পূর্বনির্ধারিত সময়ের দু’দিন আগেই ২৬ সেপ্টেম্বর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
চাঁদপুর শহরের পুরানবাজার উদয়ন কঁচিকাচার মেলার হল রুমে একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা। প্রধান অতিথি ছিলেন আইনজীবী ও সমাজসেবক রোটারিয়ান শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন কঁচিকাচার মেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস।
এছাড়া বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এবং সাংবাদিক মাইনুদ্দিন জীবন।
এ বছরের আহ্বায়ক রফিকুজ্জামান রণি জানান, সেপ্টেম্বর মাসে প্রায় এক হাজার বই উপহার দেওয়া হয়েছে। তিনি বলেন, “বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ ও দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে এ বছর লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম বই দেওয়া সম্ভব হয়েছে। তবে প্রতিকূলতার মধ্যেও সদস্যরা একদিনের জন্যও থেমে যাননি।”
সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, “আমাদের উদ্দেশ্য মানুষকে বইমুখী করা। সেই সঙ্গে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়েও কাজ করছি আমরা।”
অনুষ্ঠানে উদয়ন সংগীত বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনা সাহা ও মিতু সাহা’র তত্ত্বাবধানে শিশু শিল্পীরা পরিবেশন করেন সংগীত ও নৃত্য। বাঁশির সুরে অনুষ্ঠানে পরিবেশনা করেন বেলাল শেখ।
২০১৯ সাল থেকে একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বই উপহার কর্মসূচি চালু করে। ২০২১ সাল থেকে টানা পাঁচবার পালন করেছে বই উপহার মাস। একবার আয়োজন করেছে বই উপহার মেলাও।
এবারের প্রতিপাদ্য ছিল: ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’



