জাতিসংঘে এরদোয়ানের আবেগঘন ভাষণ: “গাজায় যুদ্ধ নয়, চলছে গণহত্যা”

বাংলা রিডার ডেস্ক
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক আবেগঘন ভাষণে তিনি বলেন, “এটি কোনো যুদ্ধ নয়, এটি একতরফা গণহত্যা।”

এরদোয়ান জানান, “গত ২৩ মাসে গাজায় প্রতি ঘণ্টায় একটি শিশু নিহত হয়েছে। এটি শুধুই সংখ্যা নয়—প্রতিটি একটি জীবন, একজন নিরপরাধ মানুষ।” তিনি বলেন, আধুনিক ইতিহাসে এতো ভয়াবহ মানবিক বিপর্যয়ের নজির নেই।

তার ভাষায়, “মাত্র দুই বা তিন বছরের শিশুদের অজ্ঞান না করেই অঙ্গচ্ছেদ করা হচ্ছে। এটি মানবতার চরম অপমান।” তিনি বলেন, গাজায় কোনো যুদ্ধ চলছে না; এটি একতরফা আগ্রাসন ও গণহত্যার ফল।

বিশ্ব সম্প্রদায়ের প্রতি তীব্র আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, “গাজায় জরুরি যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, বাধাহীন মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে এবং ইসরায়েলের গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসন শুধু গাজা বা পশ্চিম তীরেই সীমাবদ্ধ নয়; এটি সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেন তিনি।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এরদোয়ান বলেন, “আজ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানবতার পরীক্ষা। নারী, শিশু, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের ওপর আঘাত হানছে এই হামলা।”

শেষে প্রশ্ন ছুঁড়ে দেন এরদোয়ান: “যখন শিশুরা খাবার ও ওষুধের অভাবে মারা যায়, তখন সেই বিশ্বে কি সত্যিই শান্তি থাকতে পারে?”

তথ্যসূত্র: TRT World

বিজ্ঞাপন

Recommended For You