
বাংলা রিডার ডেস্ক
যাত্রীবাহী লঞ্চে শ্বাসকষ্টে আক্রান্ত এক গর্ভবতী নারীর জীবন রক্ষা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দ্রুত সাড়া দিয়ে চিকিৎসা সহায়তা এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে ওই নারীকে নিরাপদে পৌঁছে দেওয়া হয় সদরঘাটে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ তথ্য জানায় বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘মিতালি-৭’ লঞ্চে থাকা এক গর্ভবতী নারী রাত ১২টার দিকে হরিণাঘাট সংলগ্ন এলাকায় হঠাৎ শ্বাসকষ্টে ভুগতে থাকেন। ওই সময় রোগীর পরিবারের সদস্যরা কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-তে ফোন করে সাহায্য চান।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম হাই-স্পিড বোটে করে অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা তাৎক্ষণিকভাবে রোগীকে প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে তাকে নিরাপদে সদরঘাটে পৌঁছে দেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ড সব সময় প্রস্তুত রয়েছে। এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা কোস্টগার্ডের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন।


