
বাংলা রিডার ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১০০টির বেশি আসন পাবে না।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাসীরুদ্দীন বলেন, “আমরা ৩০০টি আসনে প্রার্থী দেব এবং প্রতিটি আসনেই জয়ের জন্য লড়ব। যদিও বাস্তবতায় আমরা মনে করি, আমাদের দল অন্তত ১৫০টি আসনে নিশ্চিতভাবে জয়ের সম্ভাবনায় রয়েছে। তবে পূর্ণ শক্তি নিয়ে সব আসনে লড়াই করব, ইনশাআল্লাহ।”
বিএনপি ও জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “তাদের অবস্থা তো আপনারাই দেখতে পাচ্ছেন। বাস্তবতা অনুযায়ী আমাদের ধারণা, বিএনপি ৫০ থেকে সর্বোচ্চ ১০০টি আসন পাবে। জামায়াতের অবস্থাও খুব একটা ভালো নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণই, ভোটের মাধ্যমেই।”
সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠতা নির্ভর করে সরাসরি নির্বাচিত আসন এবং সংরক্ষিত নারী আসন ও পিআর (প্রতিনিধিত্ব অনুপাতে বরাদ্দ) আসনগুলোর ওপর। সব দিক বিবেচনা করেই সংখ্যাগরিষ্ঠতা নির্ধারিত হবে।”



