চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ ও মতবিনিময়

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেন।

সেদিন বিকেলে তিনি সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এর আগে তরপুরচন্ডী ও বিষ্ণুপুর ইউনিয়নের কাজির বাজার, বাংলাবাজারসহ একাধিক স্থানে প্রচার কার্যক্রম পরিচালনা করেন।

গণসংযোগের আগে তিনি ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় অংশ নেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব জামিল আহমেদ জাকির, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, সাবেক জেলা অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ বেপারী, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ডিএম. ফয়সাল, যুব আন্দোলনের সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মাদ হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভা ও গণসংযোগে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, “দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিতে হবে।” তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে বারবার ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো জনগণের উন্নয়ন না করে নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”

তিনি আরও মন্তব্য করেন, “আগের মতো প্রহসনের নির্বাচন আর হতে দেওয়া যাবে না। আমরা চাই পিআর পদ্ধতিতে (আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা) নির্বাচন হোক, যেন প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।”

গণসংযোগে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দলের বার্তা তুলে ধরেন প্রার্থী ও নেতারা।

বিজ্ঞাপন

Recommended For You