বিয়ে করলেন শবনম ফারিয়া

বাংলা রিডার ডেস্ক
আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর, ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফা-তে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি প্রথম আলোকে নিজেই নিশ্চিত করেছেন ফারিয়া।

তিনি জানান, বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ের অনুভূতি জানাতে গিয়ে শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি সবসময়ই জটিল—আতঙ্কের চেয়ে কম কিছু না। আগের অভিজ্ঞতা ও ব্যক্তিগত কিছু কারণে মনে করেছিলাম, হয়তো এ অধ্যায় আমার জীবনে আর আসবে না। তবে সময়, বাস্তবতা ও পরিবারের হঠাৎ সিদ্ধান্তেই এই পরিণয়।”

তিনি জানান, হঠাৎ সিদ্ধান্তের কারণে তাঁর একমাত্র ননদ বিয়েতে থাকতে পারেননি, কারণ তিনি দেশের বাইরে আছেন। তবে পরবর্তীতে সহকর্মী, আত্মীয়স্বজন ও কাছের মানুষদের নিয়ে একটি বিয়ের পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে, যিনি তখন একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You