বাংলা রিডার ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
লকার নম্বর ৭৫১ ও ৭৫৩—বুধবার (১৭ সেপ্টেম্বর) এ দুটি লকার জব্দ করা হয়।
এনবিআর সূত্র জানিয়েছে, কর ফাঁকি বা আয় বিবরণীতে গরমিল আছে কি না, তা যাচাই করতেই এই লকারগুলো জব্দ করা হয়েছে।
এর আগে, ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার নামে থাকা আরও দুটি লকার জব্দ করেছিল এনবিআর। সেখানে একটি লকারে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে। সব অর্থই বর্তমানে জব্দ রয়েছে।
এই নিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংক মিলিয়ে মোট চারটি লকার জব্দ করল জাতীয় রাজস্ব বোর্ড। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


