
বাংলা রিডার ডেস্ক
ভারতের গুরগাঁও-এর পারাস হেলথ ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ফ্যাসিলিটেটরদের অংশগ্রহণে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও জ্ঞানবিনিময় অনুষ্ঠান ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর গুলশান ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে গ্লোবাল গেটওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেড (জিজিআইএল)। মূল আলোচনার বিষয় ছিল স্বাস্থ্যসেবা খাতে অভিজ্ঞতা ও জ্ঞানের আদান-প্রদান, বিশেষ করে ক্যান্সার ও রক্তরোগ বিষয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোয়াব সভাপতি মোঃ রাফেউজ্জামান এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন টোয়াব-এর সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশি।
পারাস হেলথ-এর পক্ষ থেকে অংশ নেন ডা. ইন্দু বানসাল আগরওয়াল (গ্রুপ ডিরেক্টর, রেডিয়েশন অনকোলজি) এবং ডা. গৌরব দীক্ষিত (সহযোগী পরিচালক, হেমাটো-অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট)।
গ্লোবাল গেটওয়ের চেয়ারম্যান ফিরোজুল ইসলামের সভাপতিত্বে এবং সিইও নিশাত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টোয়াব-এর মিডিয়া ও জনসংযোগ বিষয়ক পরিচালক মোহাম্মদ ইউনুছ এবং মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্ট ট্যুর অপারেটররা।
বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যান্সার ও রক্তরোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা করেন, যা উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


