১৭ দিন পর বাড়ি ফিরলেন ভিপি নুর

বাংলা রিডার ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসা শেষে ১৭ দিন পর ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নুরকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর, দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রায় ৫০ জন।

প্রাথমিকভাবে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে রাতেই তাঁকে ঢামেকের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

নুরকে ঢামেকে ভর্তি করার পর পরই গঠিত হয় একটি মেডিকেল বোর্ড। প্রথমে তাঁকে জরুরি বিভাগে রাখা হয়, পরে নেয়া হয় আইসিইউতে। এরপর ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদল তার চিকিৎসার দায়িত্ব নেয়। উন্নতির পর তাঁকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়, সেখান থেকেই আজ ছাড়পত্র দেওয়া হয়।

নুরুল হক নুর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও, ২৯ আগস্টের সংঘর্ষ নিয়ে রাজনৈতিক উত্তাপ এখনো অব্যাহত।

বিজ্ঞাপন

Recommended For You