
বাংলা রিডার ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায় এসেছেন তার নতুন লুক ও বার্তায়। সম্প্রতি এক রিল ভিডিওতে অপু ধরা দিয়েছেন নজরকাড়া ব্রাইডাল রূপে, যা মুহূর্তেই ভক্তদের মন জয় করেছে।
সাদা পোশাকে ঝলমলে চুমকি কাজ, কানে দুল, খোপায় ফুল—সব মিলিয়ে অপু বিশ্বাসকে যেন এক রাজকন্যার মতোই মনে হয়েছে। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন:
“রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।”
এই ক্যাপশন ও লুক দুটোই বেশ প্রশংসিত হয়েছে অনুরাগীদের কাছে। একজন নেটিজেন লিখেছেন, “এ যেন এক রূপকথার রাজকন্যা।” আরেকজন মন্তব্য করেন, “অপু বিশ্বাসকে এত সুন্দর লাগছে যে ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি সত্যিই সেরাদের সেরা।”
২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। তবে তার সিনেমায় যাত্রা শুরু হয়েছিল এর আগেই, আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রের মাধ্যমে।
পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একে একে হিট সিনেমা উপহার দেন। বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন পর এমন জনপ্রিয় জুটি দেখা যায়। সমালোচকদের মতে, সালমান শাহ ও শাবনূরের পর এতটা সফল কোনো জুটি আর দেখা যায়নি।
২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অপু বিশ্বাস অভিনয় করেছেন মোট ৭২টি চলচ্চিত্রে, যা ঢালিউড ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রেকর্ড।



