জাতীয় চ্যাম্পিয়নশিপে চাঁদপুরের কাছে ২-১ গোলে হেরেছে কিশোরগঞ্জ

বাংলা রিডার ডেস্ক:
জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশিপে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত ম্যাচে কিশোরগঞ্জ জেলা ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করেছে চাঁদপুর জেলা ফুটবল দল।

রোববার (১৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ উপজেলা মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক কিশোরগঞ্জ ও চাঁদপুর জেলা দল। প্রথমার্ধের ৬ মিনিটেই চাঁদপুরের পক্ষে সেজান গোল করে দলকে এগিয়ে নেন। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় কিশোরগঞ্জ। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও শেষ মুহূর্তে চাঁদপুরের শাহ আলম গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। ম্যাচ শেষে চাঁদপুরের খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন।

চাঁদপুর জেলা দলের কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজী বলেন, “আমাদের খেলোয়াড়রা চমৎকার পারফরম্যান্স করেছে। শুরু থেকেই আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও পরিশ্রমের ফলেই এই জয়।”

আগামী ২১ সেপ্টেম্বর বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে দুই দল আবারও মুখোমুখি হবে। ওই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন চাঁদপুর দলের কর্মকর্তারা এবং সকলের দোয়া কামনা করেন।

চাঁদপুর জেলা দলের স্কোয়াড:

সাকিব, সাইফুল, আলমগীর, আমানুল্লাহ, সাইফ, তাওহিদ, সাইফুল শেখ, নাজমুল, আব্দুল্লাহ, জুবায়ের, রাব্বি, হৃদয় মিজি, ইউসুফ, ইয়াসিন, রহিম, ওমর সানি, মানিক, ইসমাইল, রাশেদ ও তরুণ।
টিম ম্যানেজার: জিন্নাহ।

বিজ্ঞাপন

Recommended For You