চাঁদপুরে দাফনের সময় নড়ে উঠল নবজাতক

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের মুহূর্তে হঠাৎ নড়ে উঠল একটি নবজাতক। রবিবার দুপুরে এই বিস্ময়কর ঘটনাটি ঘটার পর পরই শিশুটিকে শহরের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। এই ঘটনার পর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পৌর কবরস্থানে কর্মরত কবর খোঁড়ার শ্রমিক শাহজাহান জানান, ‘দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি একটি কার্টনে করে নবজাতককে নিয়ে এসে জানান, যে শিশুটি মৃত। তিনি দ্রুত কবর দিতে বলেন। কিন্তু কবর খোঁড়ার সময় হঠাৎ দেখি শিশুটি নড়ছে।’

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকরা শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে নবজাতককে নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (NICU) ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির জন্ম সম্ভবত আজই (রবিবার) হয়েছে। ভর্তি করার সময় তার অক্সিজেন লেভেল কম ছিল। বর্তমানে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

কে বা কারা নবজাতকটিকে মৃত ভেবে কবর দিতে চেয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

 

বিজ্ঞাপন

Recommended For You