আন্দোলনের এক সপ্তাহ পর স্কুলে ফিরছে নেপালের শিক্ষার্থীরা

বাংলা রিডার ডেস্ক
নেপালে চলমান বিক্ষোভের এক সপ্তাহ পর অবশেষে ক্লাসে ফিরছে দেশটির জেনারেশন জেড শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে আবারও খোলা হবে বলে জানিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ (কেএমসি)।

কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গ্যাওয়ালি জানিয়েছেন, শিক্ষক ও স্কুল প্রশাসনকে রবিবার থেকেই ক্লাস শুরুর প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি যাচাই করতেও বলা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে কেএমসি জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

শুধু নিয়মিত পড়াশোনা নয়, শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে উঠতে সহায়তার জন্য মনোসামাজিক কাউন্সেলিং চালুর পরামর্শও দেওয়া হয়েছে। আর যারা এখনো অভিভাবকের সঙ্গে স্কুলে যেতে পারছে না, তাদের জন্য অনলাইন ক্লাস চালু রাখার সুপারিশ করেছে কেএমসি।

গত ৮ সেপ্টেম্বর, দুর্নীতি, সরকারবিরোধী দমন-পীড়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাস্তায় নামে নেপালের তরুণ সমাজ।
সেই আন্দোলন দমন করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, জলকামান, রাবার বুলেট ও গুলি ব্যবহার করে। বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়।

তবে আন্দোলন থেমে থাকেনি। বিক্ষোভ অব্যাহত থাকায় শেষপর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। একই দিন বিক্ষোভকারীরা বিভিন্ন নেতার বাসভবন ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন।

সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এই পটভূমিতে, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে, সাবেক বিচারপতি সুশীলা কার্কি-কে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি ১২ সেপ্টেম্বর রাতে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

বিজ্ঞাপন

Recommended For You