
বাংলা রিডার ডেস্ক
প্রখ্যাত লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার সন্তান ও অসংখ্য শ্রোতা-ভক্ত রেখে গেছেন।
তার ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে লেখেন, “আম্মা আজ রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তার সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। তাকে প্রতি সপ্তাহে দুইবার ডায়ালিসিস করাতে হতো। সর্বশেষ ২ সেপ্টেম্বর ডায়ালিসিসের জন্য মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। এরপর চিকিৎসকদের পরামর্শে তিনি আইসিইউতে ভর্তি হন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন।
ফরিদা পারভীন ছিলেন বাংলাদেশের লোকসংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার কণ্ঠে লালনগীতি ও অন্যান্য লোকধারার গান পেয়েছে নতুন প্রাণ। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংস্কৃতিমনা মানুষ ও সংগীত
প্রেমীরা।



