
বাংলা রিডার ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের দিকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার নামে গ্রেফতারি পরোয়ানা আসে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সাবেক আমির ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত নাহিদুল ইসলাম। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা চলছে।
গ্রেফতারের পর নাহিদুল ইসলামকে নিয়ে তদন্তে নতুন গতি আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


