ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় মারা গেলেন সাংবাদিক তারিকুল শিবলী

বাংলা রিডার ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনকালে তারিকুল শিবলী (৪০) নামের এক সাংবাদিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি যুক্তরাজ্যভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর রিপোর্টার হিসেবে কাজ করছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু নির্বাচন কাভার করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মী সাংবাদিক শফিক আহমেদ জানান, “তারিকুল ভাই কার্জন হলের সামনে লাইভ কাভারেজ শেষে আরেক জায়গায় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। গাড়ির মধ্যেই তার অস্বস্তি শুরু হয়। পরে আমি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানেই দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের প্রাথমিক ধারণা অনুযায়ী তারিকুল শিবলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনস্পেক্টর মো. ফারুক সাংবাদিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ডাকসু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দিনে পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য একটি বেদনাদায়ক ঘটনা। সহকর্মী ও সাংবাদিক সমাজ তার আত্মার মাগফিরাত কামনা করেছে।

বিজ্ঞাপন

Recommended For You