আল-আকসা প্রাঙ্গণে ঢুকেছেন এক হাজারের বেশি ইসরায়েলি

বাংলা রিডার ডেস্ক
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের এই প্রবেশকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, মোট এক হাজার ১৪৩ জন ইসরায়েলি ওই পবিত্র স্থানে প্রবেশ করেন। ইসরায়েলি সেনাদের নিরাপত্তার মধ্যে তারা মসজিদ প্রাঙ্গণের চত্বরে প্রবেশ করেন এবং সেখানে কয়েক ঘণ্টা ধরে ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার পালন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছে, এসব ঘটনা আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা নিয়ে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের মধ্যেই ঘটেছে।

এদিকে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ ওই পবিত্র স্থানের ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি করছে’।

আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র স্থান এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র হিসেবে বিবেচিত।

সূত্র: আল-জাজিরা

বিজ্ঞাপন

Recommended For You