চাঁদপুরে ৫৭১ শিক্ষার্থী পেল জিপিএ-৫ সংবর্ধনা

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে এই প্রথম সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে শহরের মুনিরা ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

শেখ ফরিদ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চায় মনোযোগী হতে হবে। চাঁদপুরকে শিক্ষার ক্ষেত্রে ‘ওয়ান স্টপ সার্ভিস’ হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান আরও উন্নত করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। চলতি বছর চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় এক হাজার ২২৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সদর ও হাইমচরের ৫৭১ জন। এ অর্জন আমাদের জন্য গর্বের। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি আরও নজর দিতে হবে এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ভূমিদখলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো মূল্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও জমি দখলকারীদের চাঁদপুরের মাটিতে জায়গা হবে না। আমরা সম্মিলিত নেতৃত্বে চাঁদপুরকে আরও এগিয়ে নিয়ে যাব।

বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, তোমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

Recommended For You