মোবাইল আসক্তি নয়, জ্ঞানমূলক বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান শেখ ফরিদ আহমেদ মানিক এমপির

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক বৃত্তি প্রদান-২০২৬, বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মোবাইল ফোনে অতিরিক্ত সময় নষ্ট না করে জ্ঞানমূলক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষা ও নৈতিক মূল্যবোধই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আত্মমর্যাদার সঙ্গে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে—এটাই সবার প্রত্যাশা।

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের মাঠ সংস্কারের জন্য আমি সহযোগিতা করব।এখানে আলাদাভাবে দুটি মাঠ করা হবে। একটি মেয়েদের খেলাধুলার জন্য এবং অন্যটি ছেলেদের খেলাধুলার জন্য। স্কুলের মাঠে যেন কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তোমরা যখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, তখনই এ দেশের উন্নয়ন হবে। তোমরা যদি সুন্দরভাবে লেখাপড়া করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে পারো, তাহলে তোমাদের বাবা-মায়ের মুখ উজ্জ্বল হবে এবং এ এলাকারও উন্নয়ন হবে।

তিনি বলেন, তোমরা মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকবে। স্কুলের বাইরে অবসর সময়ে মোবাইল ব্যবহারে আসক্ত না হয়ে বিভিন্ন জ্ঞানমূলক বই পড়ার অভ্যাস গড়ে তুলবে। দেশের সম্মানিত ব্যক্তিদের জীবনী পড়বে, তাদের জীবন ও কর্ম সম্পর্কে জানবে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে পড়বে। তোমাদের ইতিহাস জানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

তিনি বলেন, এবারের জেলা পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তোমাদের একটি বুথ ছিল। আমি সেখানে গিয়ে দেখেছি, তোমরা অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন বিষয় আমাকে বুঝিয়ে বলেছিলে। বিষয়টি আমার এখনও মনে আছে। আগামী দিনে তোমরা আরও ভালো করবে—এটাই আমার প্রত্যাশা। আমি চাই, পড়াশোনার পাশাপাশি সব ধরনের সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে তোমরা নিজেদের সক্রিয় রাখবে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। কারও পড়াশোনার খরচ চালাতে যদি একান্তই কষ্ট হয়, তাহলে সরাসরি আমাকে জানাবে। আমার বাসার দরজা সবসময় তোমাদের জন্য উন্মুক্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. মনিরা বেগম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম মিয়াজীর পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর ছাত্র ইভা আক্তার, তাহরিমা আক্তার ও তানিয়া আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রণীর ছাত্র মো. রমজান।

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফরিদ আহমেদ পাটওয়ারি, মরিয়ম বেগম, ফেরদৌসি সুলতানা, তানিয়া জেসমিন, বদরুন্নেছা বিথী, মো. শাহাদাত হোসেন, শিউলি রানী আচার্যী, মো. জাকির হোসেন গাজী, সায়মা আহমেদ চৌধুরী, মো. ইমরান হোসাইন, জায়েদ ইমতিয়াজ, অভ্রজিৎ দাস, রাজীব চন্দ্র দাসসহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির ৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, কবিতা, উপস্থিত বক্তৃতা ও জুলাই কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে দেড় শতাধিক বৃক্ষ বিতরণ এবং ২ শতাধিক বৃক্ষ রোপন করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You